ঢাকা মেট্রো এলাকায় সিএনজিচালিত বাসের হার মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ। এমনটাই দাবি করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বলা হচ্ছে, ঢাকা এবং দূরপাল্লার বাস-মিনিবাসের ৮০-৯০ শতাংশ সিএনজিচালিত। এসব বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩ কোম্পানির ১৯৬টি বাস সিএনজিচালিত পেয়েছি। এটি মোট গণপরিবহনের মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, ১০-১২ বছর আগে ঢাকায় গ্যাসচালিত গাড়ি চলাচল করতো। এখন এসব বাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
আগামী তিনদিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হবে বলে জানান তিনি। এরপর বিআরটিএ’র নির্ধারিত ভাড়া নেওয়া হবে। এই গাড়িগুলো যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য মালিক-শ্রমিকদের সমন্বয়ে ১১টি ভিজিল্যান্স টিম মাঠে থাকার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এই সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ আরও জানান, আগামী তিনদিন পর থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেইট লক সার্ভিস থাকবে না।
তিনি বলেন, সিটিং সার্ভিসে কোনো নিয়মনীতি নেই। তারা নিজের মতো করে যাত্রী পরিবহন করে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। তাই সিটিং বা গেইটলক সার্ভিস থাকবে না।